সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
প্রায় চার ঘণ্টা সড়কে অপেক্ষা করেও প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ও পুলিশি বাধার কারণে হবিগঞ্জ শহরে প্রবেশ করতে পারেননি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। পরে মঙ্গলবারের হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে মামলার অভিযোগ জমা দিয়ে তারা মৌলভীবাজারে ফিরে যান।
বুধবার বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির পাশের মুছাই এলাকায় আটকে দেয় পুলিশ। সেখানেই প্রায় চার ঘণ্টা অবস্থান করে নেতারা হবিগঞ্জে প্রবেশের অনুমতি চাইলেও প্রশাসন তা প্রত্যাখ্যান করে।
পুলিশের ভাষ্য, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এনসিপি নেতাদের শহরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
রাত ৮টার দিকে কামাইছড়া পুলিশ ফাঁড়িতেই মঙ্গলবারের হামলার ঘটনায় মামলার অভিযোগ জমা দেন জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তানভীর রুয়েল। অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
এরপর রাতেই নেতারা গাড়িবহর নিয়ে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান জানান, কেন্দ্রীয় নেতারা রাতটি মৌলভীবাজার সার্কিট হাউজে অবস্থান করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেটের পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে রওনা হবেন।
এর আগে মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে হবিগঞ্জ শহরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ তোলে এনসিপি। ওই হামলায় দলটির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুরের শিকার হয়। হামলার সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সোনালী ব্যাংকে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
এ ঘটনার জেরে বুধবার সকাল থেকেই হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। একই দিনে এনসিপি তাদের মৌলভীবাজারের পূর্বঘোষিত দুটি ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। অন্যদিকে বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে শহরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
বুধবার বিকেল ৪টার কিছু আগে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় প্রথম দফায় পুলিশ তাদের আটকে দেয়। প্রায় আধাঘণ্টা পর গাড়িবহর আবারও যাত্রা শুরু করলেও বাহুবলের মুছাই এলাকায় এসে দ্বিতীয়বারের মতো পুলিশের বাধার মুখে পড়ে।
গাড়িবহরে এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, বিকেল সাড়ে ৪টা থেকে পুলিশ তাদের গাড়িবহর আটকে রাখে। পরে সন্ধ্যা ৭টায় হামলার ঘটনায় মামলা করতে হবিগঞ্জ থানায় যেতে চাইলেও পুলিশ বাধা দেয়। শেষ পর্যন্ত রাত ৮টায় কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসেই অভিযোগ দায়ের করতে বাধ্য হন বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, পুলিশ বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা করতেই তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে।
অন্যদিকে কামাইছড়া পুলিশ ফাঁড়ির সামনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। একই সময়ে হবিগঞ্জ শহরে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা করে জেলা যুবদল।
হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। এ অবস্থায় এনসিপি নেতারা শহরে প্রবেশ করে সমাবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারত। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কামাইছড়া এলাকায় অবস্থান নেয়।