সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা সড়ক সংলগ্ন এলাকায় সরকারি মালিকানাধীন গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি পাঁচটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে লন্ডন প্রবাসী শাহ ছালিক মিয়ার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহ ছালিক মিয়া।
অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাবি করেছেন, ঝড়ে ভেঙে পড়া গাছ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন (ইউএনও)-কে অবহিত করেই কেটে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। তবে ইউএনও রুহুল আমিন এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। দুই পক্ষের এমন ভিন্ন বক্তব্যকে ঘিরে উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি বাউসা সড়কের পাশে থাকা সরকারি গাছ কেটে ফেলার ঘটনা প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। অভিযোগ রয়েছে, সরকারি সম্পদ হওয়া সত্ত্বেও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গাছগুলো অপসারণ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, সরকারি গাছ কাটা শুধু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিই নয়, পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তারা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে লন্ডন প্রবাসী শাহ ছালিক মিয়া বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে শুনেছি চেয়ারম্যান শিশু মিয়া গাছগুলো কেটে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রেখেছেন। আমার প্রতিপক্ষ পরিকল্পিতভাবে আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ তুলে এলাকায় বিভ্রান্তি ও আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।
এদিকে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শেখ ছাদিকুর রহমান (শিশু মিয়া) অভিযোগ নাকচ করে বলেন, ঝড়ে দুমড়ে-মুচড়ে পড়ে যাওয়া গাছগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে কেটে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। এখানে অবৈধভাবে সরকারি গাছ কাটার কোনো ঘটনা ঘটেনি।
তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, গাছ কর্তনের বিষয়ে আমি অবগত নই। চেয়ারম্যানের দাবি এবং ইউএনওর বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি দেখা দেওয়ায় ঘটনাটি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রকৃতপক্ষে গাছগুলো ঝড়ে ভেঙে পড়েছিল নাকি কেটে ফেলা হয়েছে, গাছ কাটার আগে প্রশাসনের অনুমতি বা অবহিতকরণ ছিল কি না এবং সরকারি সম্পদের কোনো ক্ষতি হয়েছে কি না, এসব বিষয় নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে সরকারি সম্পদ রক্ষা, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।