সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

বিশ্বকাপ ঘিরে বাড়ছে অনলাইন জুয়ার আসক্তি

মোহাম্মদ সুমন আলী খাঁন / ১৩৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ঝুঁকিতে কিশোর-তরুণরা, দমনে মাঠে পুলিশ

 

হবিগঞ্জ জেলায় দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার। স্মার্টফোন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র জেলার বিভিন্ন উপজেলায় এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিক, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

 

বিশ্বের অন্যান্য দেশের মতো ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশেও ফুটবলপ্রেমীরা প্রিয় দলকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে চলে তর্ক-বিতর্ক ও বন্ধুত্বপূর্ণ খুনসুটি। তবে এই উৎসবকে ঘিরেই আশঙ্কাজনকভাবে বেড়ে যায় অনলাইন বেটিং বা জুয়ার প্রবণতা। বিশেষ করে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকাসহ নবীগঞ্জ উপজেলায় কিশোর ও তরুণদের মধ্যে এই আসক্তি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় কিছু ব্যক্তি এজেন্টের মাধ্যমে অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করছে। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে অনেক তরুণ-যুবক এই জুয়ায় জড়িয়ে পড়ছেন। এতে অনেক পরিবার আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও পারিবারিক সংকটের মুখোমুখি হচ্ছে।

জেলার বিভিন্ন উপজেলায় সাম্প্রতিক সময়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। অভিযানে নগদ অর্থ, মোবাইল ফোন, সিম কার্ড এবং জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া পরিচালনাকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

 

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রযুক্তির সহজলভ্যতার সুযোগ নিয়ে অনেক কিশোর ও যুবক মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন বেটিং সাইট ও অ্যাপে যুক্ত হচ্ছে। কেউ নগদ অর্থ, কেউ খাবার, আবার কেউ বিভিন্ন উপহারসামগ্রী নিয়েও বাজি ধরছে। এতে পারিবারিক অশান্তি, আর্থিক ক্ষতি এবং অপরাধপ্রবণতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

 

বিভিন্ন নদীর পাড়, সেতুর ওপর, নির্জন স্থান, বাজারের অলিগলি ও বিভিন্ন মার্কেটের কোণায় প্রায়ই দেখা যায় উঠতি বয়সের ছেলেরা মোবাইল ফোনে লুডুসহ বিভিন্ন গেম খেলছে। বাইরে থেকে এগুলো সাধারণ বিনোদনমূলক খেলা মনে হলেও স্থানীয়দের দাবি, অনেক ক্ষেত্রেই এসব গেম অর্থের বিনিময়ে পরিচালিত অনলাইন জুয়ার অংশ। খেলোয়াড়দের অধিকাংশই জানেন না, এসব অ্যাপ বা প্ল্যাটফর্ম কে বা কারা পরিচালনা করছে এবং তাদের অর্থ কোথায় যাচ্ছে।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, দ্রুত বেশি অর্থ আয়ের আশায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ অনলাইন জুয়ার ফাঁদে পা দিচ্ছেন। শুরুতে অল্প কিছু অর্থ জিতে উৎসাহিত হলেও পরে হাজার হাজার টাকা হারিয়ে আর্থিক সংকটে পড়ছেন অনেকে। নিম্ন আয়ের অনেক মানুষও রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে সর্বস্ব হারাচ্ছেন। হারানো অর্থ ফিরে পাওয়ার আশায় বারবার বাজি ধরা এবং প্রাথমিক লাভের অভিজ্ঞতাই তাদের আসক্তির অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে।

 

 

বর্তমানে বিভিন্ন বেনামি বেটিং সাইট ও অ্যাপ ব্যবহার করে ক্রিকেট ও ফুটবল ম্যাচকে কেন্দ্র করে জুয়ার বিস্তার ঘটছে। শুধু কোন দল জিতবে বা হারবে তা নয়। কে প্রথম গোল করবে, প্রথমার্ধে কত গোল হবে কিংবা নির্দিষ্ট কোনো খেলোয়াড় গোল করবেন কি নাÑএসব বিষয়েও বাজি ধরা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 

এসব বেটিং সাইটে অ্যাকাউন্ট খুলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা অন্য ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে অর্থ জমা দিয়ে খেলায় অংশ নিতে হয়। অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম এবং মেসেজিং অ্যাপের গোপন গ্রুপ ব্যবহার করেও বাজি পরিচালিত হচ্ছে।

 

 

স্থানীয়দের অভিযোগ, অনলাইন জুয়ার কারণে অনেক কিশোর-তরুণ গোপনে টাকা খরচ করছে। কেউ পরিবারের কাছ থেকে অর্থ নিচ্ছে, কেউ ধার করছে, আবার কেউ চুরির মতো অপরাধেও জড়িয়ে পড়ছে। অনেক শিক্ষার্থী রাতভর মোবাইল ফোনে সময় কাটিয়ে লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ছে এবং মানসিক চাপ ও হতাশায় ভুগছে।

 

 

এদিকে অনলাইন জুয়ার বিস্তার রোধে সরকারও কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি ১৫৯ বছর পুরোনো আইন বাতিল করে জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ পাস হয়েছে। নতুন আইনে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং এবং ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

 

 

আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা বলছেন, বর্তমানে অনলাইন জুয়া বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট, মেসেঞ্জার, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গোপনে বেটিং পরিচালিত হয়। অভিযোগ বা অপরাধ সংঘটিত না হলে এসব কার্যক্রম শনাক্ত করা কঠিন। মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিত কাজ করছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে, যাতে তাদের সন্তানরা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। তাই আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি।

 

সামাজিক বিশ্লেষকদের মতে, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে অনলাইন জুয়া পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করা গেলে অনলাইন জুয়ার আসক্তি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

 

সচেতন মহলের দাবি, অনলাইন জুয়ার মূল হোতা, অর্থ লেনদেনকারী এবং এজেন্টদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *