সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশাজাতীয় তরল দ্রব্য পান করার পর দুই দিনে পাঁচজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে নেশাজাতীয় অ্যালকোহল জাতীয় তরল পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। এরপর বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন ও নিজ নিজ এলাকায় একে একে পাঁচজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন— লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের সুদেব দাস (৬০) ও সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২) ও তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই পাঁচজন দীর্ঘদিন ধরে লাখাই উপজেলার মোড়াকড়ি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’ থেকে অ্যালকোহল জাতীয় তরল দ্রব্য সংগ্রহ করে নেশার উদ্দেশ্যে সেবন করতেন। মঙ্গলবার রাতে ওই তরল পান করার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সুজিত দাসের মৃত্যু হয়। হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুদেব দাস। রঞ্জিতের মৃত্যু হয় ঢাকায় নেওয়ার পথে। অপরদিকে নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস নিজ গ্রামেই মারা যান।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের সদস্যরা পুলিশকে অবহিত না করেই অধিকাংশ মরদেহ দাহ করেছেন। শুধুমাত্র সুদেব দাসের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কী ধরনের তরল তারা পান করেছিলেন, সেটিতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. দেবাশীষ দাস বলেন, “পরীক্ষা-নিরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্তের বিকল্প নেই।”
ঘটনাটি নিয়ে লাখাই উপজেলাজুড়ে ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। তদন্তের প্রতিবেদন প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।