সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুনুর রহমান লেখনের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য, শিক্ষার্থীদের টিউশন ফি ব্যবস্থাপনায় অনিয়ম, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গাফিলতি, স্থগিত তারিখে পরীক্ষা গ্রহণ এবং শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ বণ্টন না করার অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। প্রাথমিক তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়ার পর তাকে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী ২৪ শিক্ষার্থীর নিবন্ধন ও প্রবেশপত্র নিয়ে জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। পরে শিক্ষার্থীদের বকেয়া বেতন বাবদ প্রায় ৫০ হাজার টাকা পরিশোধের পর তাদের নিবন্ধন কার্ড হস্তান্তর করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মাধবপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় আলিম বিভাগের অনুমোদন না থাকায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটির প্রায় ৪৪ জন শিক্ষার্থী ওসমানীনগর উপজেলার হযরত শাহজালাল (রহ.) কামিল মাদ্রাসার অধীনে পাঠদান করে। অভিযোগ রয়েছে, ওই ২৪ শিক্ষার্থীর কাছ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বেতন বাবদ দুই লাখ টাকার বেশি আদায় করা হলেও সংশ্লিষ্ট কামিল মাদ্রাসা কর্তৃপক্ষকে সেই অর্থ পরিশোধ করা হয়নি। এছাড়া প্রাপ্য অর্থ পরিশোধ এবং প্রচলিত বিধি অনুসরণ ছাড়াই শিক্ষার্থীদের পুনরায় মাধবপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় স্থানান্তর করা হয়। এর ফলে তাদের আলিম পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়।
এ বিষয়ে চলতি বছরের ৬ এপ্রিল হযরত শাহজালাল (রহ.) কামিল মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।
এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন না করা, এ খাতে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না করা এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্থগিত ঘোষিত তারিখে পরীক্ষা গ্রহণের অভিযোগও তদন্তে উঠে এসেছে। এছাড়া ২০২২ সাল থেকে আদায়কৃত টিউশন ফি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বণ্টন না করার অভিযোগও রয়েছে।
অভিযোগের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সরেজমিন তদন্ত করেন। তদন্তে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ২৮ জুলাই অধ্যক্ষ হুমায়ুনুর রহমান লেখনের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে তজমুল আলীকে ভুয়া দাতা সদস্য দেখিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা প্রতিনিধি নির্বাচনের অভিযোগসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অধ্যক্ষের অপসারণ দাবি করেছেন স্থানীয় অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ হুমায়ুনুর রহমান লেখন। তিনি বলেন, “আমি কোনো অনিয়ম বা দুর্নীতি করিনি। আমাকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তার যথাযথ জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করব।”