সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
দেশের পর্যবেক্ষণাধীন নদী স্টেশনগুলোর মধ্যে বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার (২৫ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।
পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি কমেছে এবং আগামী তিন দিনও পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামী দুই দিনের মধ্যে এটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন তা কমতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে, এরপর তিন দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং কোথাও কোথাও তা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সেলোনিয়া নদীর পানি বেড়েছে। তবে মুহুরী, গোমতী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ও ফেনী নদীর পানি কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানির সমতল মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।