সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২২ জুলাই) রাতে মৌলভীবাজার সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের সমাধি টিলা এলাকায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে অজিত পাত্র (৪৮)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অজিত পাত্রের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া অজিত পাত্র উদ্ধার হওয়া গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পুলিশের সিডিএমএস (CDMS) যাচাইয়ে গ্রেপ্তার অজিত পাত্রের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”