সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত আশা এনজিওর শাখায় সংঘটিত ডাকাতি মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রবিবার (১৯ জুলাই) ভোর ৫টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পাচাউল খিলগাঁও গ্রামের মো. জুয়েল মিয়া (২৫), নবীগঞ্জ উপজেলার মিনাজপুর গ্রামের শিলন মিয়া (৩০), কুর্শি গ্রামের মো. মোক্তার (৩৫) এবং বাহুবল উপজেলার লামাতাশি গ্রামের ইশতিয়াক আহমেদ তারেক (২২)।
র্যাব জানায়, গত ৬ মে বাহুবল উপজেলার মিরপুরের ইজ্জতনগর এলাকায় অবস্থিত আশা এনজিওর একটি শাখা কার্যালয়ে ৫ থেকে ৬ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে স্টিলের সিন্দুকে থাকা ৪১ হাজার ৫৬৭ টাকা এবং কর্মচারীদের কাছে থাকা ৭ হাজার ৯৮০ টাকাসহ মোট ৪৯ হাজার ৫৪৭ টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় আশা এনজিওর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শেখ আহম্মদ আলী বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার ভোরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, এর আগে গত ২২ মে একই মামলায় আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে এ মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।