সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ বিষয়ে একটি দাপ্তরিক পত্র জারি করা হয়েছে। গত ৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা ওই পত্রে বলা হয়, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান ১৪৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং ১৩১টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জন্য প্রকল্প প্রস্তাব এবং প্রয়োজনীয় নতুন পদ সৃষ্টির প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও ১০১ শয্যায় উন্নীত হওয়ার সুযোগ পাচ্ছে। দীর্ঘদিন ধরে জনসংখ্যার তুলনায় শয্যা সংকট, চিকিৎসক ও প্রয়োজনীয় অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল। প্রতিদিন ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি রোগী ভর্তি হওয়ায় অনেককে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হতো এবং জটিল রোগীদের জেলা সদর কিংবা সিলেটের বিভিন্ন হাসপাতালে রেফার করা হতো। ১০১ শয্যায় উন্নীত হওয়ার ফলে হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধি এবং বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর সুযোগ সৃষ্টি হবে। এতে জরুরি বিভাগ, প্রসূতি ও মাতৃসেবা, শিশুস্বাস্থ্য, মেডিসিন, সার্জারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই পত্রে প্রকল্প প্রণয়ন এবং প্রয়োজনীয় পদ সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ এ সিদ্ধান্তকে নবীগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, কয়েক লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বৃদ্ধি বাস্তবায়িত হলে রোগীদের দুর্ভোগ অনেকাংশে কমবে এবং উন্নত স্বাস্থ্যসেবা নিজ উপজেলাতেই নিশ্চিত করা সম্ভব হবে। এখন সরকারের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম, প্রকল্প অনুমোদন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হওয়ার পর ৫০ শয্যার হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নীত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।