সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
জাতীয় সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়কের দ্রুত সংস্কার এবং কাষ্টি নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে জন-গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মাধবপুর ও নাসিরনগর উপজেলার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, খানাখন্দ ও চলাচলের অনুপযোগী পরিবেশের কারণে প্রতিদিন সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং রোগীবাহী যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ সময় এমপি এস.এম. ফয়সল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে কাষ্টি নদীর ওপর একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল।
তবে বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। স্থায়ী সেতু নির্মিত হলে মাধবপুর ও নাসিরনগরের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। তিনি আরও বলেন, সেতুটি নির্মিত হলে দুই উপজেলার মানুষের যাতায়াতের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষের ভোগান্তিও অনেকাংশে লাঘব হবে। এমপি এস.এম. ফয়সল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়কের সংস্কারকাজ শুরু এবং কাষ্টি নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের আহ্বান জানান। এদিকে, জাতীয় সংসদে বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হওয়ায় মাধবপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।