সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
মাধবপুরে অভিযান চালিয়ে ৫৬ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ২০ পিস কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। জনসম্মুখে জব্দকৃত সব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার মাধবপুর উপজেলার রাজনগর, জালুয়াবাদ, শাহপুর, ছাতিয়াইন বাজার ও প্লাবনভূমিতে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ২০ পিস কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর নির্দেশে ওই জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোঃ ফরিদুর রহমান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিত ছিলেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ বন্ধ এবং দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে মাছ ধরার আহ্বান জানান।