সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

বদলে যাচ্ছে হবিগঞ্জের চা শ্রমিকদের জীবনমান

মোহাম্মদ সুমন আলী খাঁন / ৭৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও অপূর্ণ প্রতিশ্রুতির অধ্যায় পেরিয়ে ইতিবাচক পরিবর্তনের পথে হাঁটছে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের শ্রমিক সমাজ। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ফলে চা শ্রমিকদের জীবনমানের দৃশ্যমান উন্নয়ন ঘটছে এবং তারা ধীরে ধীরে দেশের মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তবে এই অগ্রগতির পাশাপাশি বকেয়া বেতন, নিয়মিত রেশন, প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ এবং স্থায়ী ভূমির অধিকারের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো এখনও শ্রমিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। গত কয়েক বছরে হবিগঞ্জের চা বাগানগুলোতে টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো প্রান্তিক চা শ্রমিকদের সরাসরি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগানের শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে, যার মাধ্যমে তারা নিয়মিত খাদ্যসহ বিভিন্ন সরকারি সুবিধা পাচ্ছেন। এছাড়া শুধুমাত্র চা পাতা সংগ্রহের আয়ের ওপর নির্ভরশীলতা কমাতে মাধবপুর ও চুনারুঘাটের পিছিয়ে পড়া শ্রমিক পরিবারের মাঝে ছাগল এবং উন্নত জাতের হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। এতে বিকল্প আয়ের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে লস্করপুর ভ্যালির চা শ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাগানের অভ্যন্তরীণ সড়ক সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও কাজ চলছে। হবিগঞ্জের চা শিল্পে নারী শ্রমিকরাই প্রধান চালিকাশক্তি। মোট শ্রমশক্তির প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ নারী। চুনারুঘাটের নালুয়া চা বাগানসহ বিভিন্ন বাগানের দক্ষ নারী শ্রমিকরা প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪৫ কেজি পর্যন্ত চা পাতা সংগ্রহ করে পরিবারের জীবিকা নির্বাহ করে থাকেন।

সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে অনেক পরিবার এখন নিজেদের আয়ের একটি বড় অংশ সন্তানদের শিক্ষার পেছনে ব্যয় করছেন। বাগানের বিদ্যালয়গুলোতে বেঞ্চ, সিলিং ফ্যানসহ শিক্ষার পরিবেশ উন্নত হওয়ায় নতুন প্রজন্মের মধ্যে উচ্চশিক্ষার আগ্রহও বাড়ছে।

জীবনমান উন্নয়নের এই ইতিবাচক চিত্রের মধ্যেই সম্প্রতি চা শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছিল তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তা। গত মে ও জুন মাসে বকেয়া বেতন, নিয়মিত রেশন এবং প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধের দাবিতে হবিগঞ্জের দেউন্দি, লালচান্দ, নোয়াপাড়া ও মৃতিঙ্গা চা বাগানের হাজারো শ্রমিক অনির্দিষ্টকালের কর্মবিরতি ও আন্দোলনে নামেন।

বিভিন্ন সুত্রে জানা যায়, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে বাগান কর্তৃপক্ষ প্রয়োজনীয় ঋণ না পাওয়ায় কয়েক সপ্তাহ ধরে শ্রমিকদের সাপ্তাহিক তলবি (বেতন) বন্ধ হয়ে যায়। পরে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকরা কারখানা ও বাগানের কাজ বন্ধ রেখে ধর্মঘট চালিয়ে যান। এতে বহু শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।

অপর আরেকটি সুত্রে জানা যায়, চা শ্রমিকদের অন্যতম প্রধান দাবি হলো বসতভিটার স্থায়ী মালিকানা। প্রজন্মের পর প্রজন্ম একই স্থানে বসবাস করলেও তারা যে জমিতে বসবাস করছেন, তার কোনো আইনি মালিকানা নেই। ফলে যেকোনো সময় উচ্ছেদের আশঙ্কা তাদের মধ্যে স্থায়ী অনিশ্চয়তা তৈরি করে রেখেছে।

জাতীয় সংসদ নির্বাচনের আগে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল উপজেলার ২৩টি চা বাগান ঘুরে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের সমস্যা, দাবি ও সম্ভাবনার বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তারই ধারাবাহিকতায় মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। চা শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল ভূমির অধিকার, উন্নত শিক্ষা ব্যবস্থা, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানীয় জল, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্তি।

এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংসদ সদস্য বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে উদ্যোগ গ্রহণের পাশাপাশি জাতীয় সংসদেও চা শ্রমিকদের ভূমির অধিকারসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। চা বাগান এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। সুরমা চা বাগানের বাসিন্দারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকটের বিষয়টি সংসদ সদস্যের নজরে আনলে তাঁর বিশেষ বরাদ্দের অর্থায়নে সুরমা টি গার্ডেন আইডিয়াল হাই স্কুল, সুরমা চা বাগান ১০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তেলিয়াপাড়া সেন্ট জোসেফ বিদ্যালয়ে বেঞ্চ, চেয়ার, টেবিল ও সিলিং ফ্যান সরবরাহ করা হয়। এতে শিক্ষার্থীরা আরও সুন্দর ও উপযোগী পরিবেশে পাঠদানের সুযোগ পাচ্ছে। চা শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

স্থানীয় সুশীল সমাজ ও শ্রমিক নেতাদের মতে, ফ্যামিলি কার্ড, বিকল্প কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের মতো উদ্যোগগুলো অবশ্যই প্রশংসনীয় এবং শ্রমিকদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনছে। তবে এই পরিবর্তনকে স্থায়ী ও টেকসই করতে হলে নিয়মিত বেতন-রেশন প্রদানের আইনি নিশ্চয়তা, প্রভিডেন্ট ফান্ডের সুরক্ষা এবং সর্বোপরি চা শ্রমিকদের বসতভিটার স্থায়ী ভূমির অধিকার নিশ্চিত করা জরুরি। তাদের মতে, এসব মৌলিক অধিকার নিশ্চিত না হলে ঐতিহ্যবাহী এই শ্রমজীবী জনগোষ্ঠীর জীবনমানের প্রকৃত ও স্থায়ী উন্নয়ন সম্ভব হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *