সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
বানিয়াচং উপজেলার কচু চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশের বাজারেও চাহিদা বাড়তে থাকায় এ অঞ্চলের কৃষকরা এখন বাণিজ্যিকভাবে কচু চাষে আগ্রহী হচ্ছেন। লাভজনক হওয়ায় প্রতিবছরই কচুর আবাদ বাড়ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বানিয়াচংয়ে দীর্ঘদিন ধরে কচুর চাষ হয়ে আসছে। বর্তমানে বাজারের চাহিদা বিবেচনায় কৃষকদের উন্নত জাতের কচু, বিশেষ করে লাল কচু (নারকেলি কচু) চাষে উৎসাহিত করা হচ্ছে। এ লক্ষ্যে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।
উপজেলার কাজীমহল্লা গ্রামের কৃষক এনামুল হক বলেন, “আগে স্থানীয় বাজারেই কচু বিক্রি করতাম। এখন বিভিন্ন জেলা থেকে পাইকাররা সরাসরি জমিতে এসে কচু কিনে নিয়ে যান। ভালো দাম পাওয়ায় কচু চাষে লাভ হচ্ছে। তাই প্রতি বছর আবাদও বাড়াচ্ছি।”
বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক বলেন, “কচুর বাজার ও রপ্তানির সম্ভাবনা বিবেচনায় উন্নত জাতের কচু চাষ সম্প্রসারণে কাজ করা হচ্ছে। কৃষকদের সার্বক্ষণিক কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে, যাতে উৎপাদন ও মান—দুই-ই বৃদ্ধি পায়।”
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, পরিকল্পিতভাবে কচুর আবাদ সম্প্রসারণ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং মানসম্মত উৎপাদন নিশ্চিত করা গেলে বানিয়াচংয়ের কচু দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।