সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
বাহুবল উপজেলার সাটিয়াজুরী বাজার এলাকায় মাদক বহন ও সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব জয়পুর গ্রামের মো. এনাম (৩২) এবং সাটিয়াজুরী গ্রামের এনামুল হক রবিন (২৭)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক বহন ও সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. এনামকে ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া এনামুল হক রবিনকে ৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে জব্দ করা ৪টি ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় বাহুবল মডেল থানার পুলিশ সদস্য, কামাইছড়া পুলিশ ক্যাম্পের সদস্য, আনসার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।