সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
হবিগঞ্জ জেলায় থামছে না সংঘর্ষের ঘটনা। আধিপত্য বিস্তার, জমিজমা নিয়ে বিরোধ, পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব, এমনকি তুচ্ছ ঘটনাকেও কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটছে। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) জেলার আট উপজেলায় সংঘটিত ৯৪টি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৭৭৭ জন।
জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সংঘর্ষের এসব ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে লাখাই উপজেলায়, আর সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বানিয়াচং উপজেলায়। সংঘর্ষে নিহতদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
ফলে তাদের মৃত্যুতে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে চরম অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে। অন্যদিকে আহতদের অনেকেই দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় কর্মক্ষমতা হারাচ্ছেন।
চিকিৎসা ব্যয় ও মামলা পরিচালনার খরচ মেটাতে অনেক পরিবারকে জমি বিক্রি কিংবা ঋণের বোঝা কাঁধে নিতে হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, নবীগঞ্জ উপজেলায় ৯টি ঘটনায় ২ জন নিহত ও ৬৩ জন আহত, আজমিরীগঞ্জে ৭টি ঘটনায় ২ জন নিহত ও ৫৫ জন আহত এবং মাধবপুরে ৭টি ঘটনায় ২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।
লাখাই উপজেলায় ২৩টি সংঘর্ষে ৩ জন নিহত ও ১৬৬ জন আহত হয়েছেন। বানিয়াচং উপজেলায় ২০টি সংঘর্ষে ৭ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছেন, যা জেলার মধ্যে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। এ ছাড়া বাহুবল উপজেলায় ১৪টি সংঘর্ষে ১০১ জন আহত এবং হবিগঞ্জ সদর উপজেলায় ১২টি সংঘর্ষে ১৭৯ জন আহত হয়েছেন।
অন্যদিকে চুনারুঘাট উপজেলায় ২টি সংঘর্ষে ৩ জন আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে শায়েস্তাগঞ্জ উপজেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে সংঘর্ষের কোনো ঘটনা রেকর্ড হয়নি। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বছরের শুরু থেকে সংঘর্ষের প্রবণতা ঊর্ধ্বমুখী। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৪৩টি সংঘর্ষে ৪ জন নিহত ও ৩৬৫ জন আহত হন।
আর এপ্রিল থেকে জুন পর্যন্ত ৫১টি সংঘর্ষে নিহত হন ১২ জন এবং আহত হন ৪১২ জন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন, জেলার অধিকাংশ সংঘর্ষের মূল কারণ জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ, আধিপত্য বিস্তার, রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব। অনেক সময় সামান্য ঘটনাও মুহূর্তেই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
তিনি বলেন, “আগের মতো সামাজিক নেতৃত্ব ও পারস্পরিক আস্থা এখন অনেকটাই কমে গেছে। ফলে সংঘর্ষের সময় কেউ সহজে এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন না। সংঘর্ষ কমাতে দেশীয় অস্ত্র তৈরি ও মজুত বন্ধের পাশাপাশি সামাজিক নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।” জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন বলেন, “টমটমের ভাড়া, ছোটখাটো ঝগড়া কিংবা ফুটবল খেলাকে কেন্দ্র করেও সংঘর্ষ হচ্ছে। গ্রামাঞ্চলে পঞ্চায়েত বা সর্দার নির্বাচন নিয়েও রক্তক্ষয়ী ঘটনা ঘটছে।
এমনকি আদালত চত্বরে প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে।” তার মতে, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির কার্যকর উদ্যোগ জোরদার করা গেলে সহিংসতা অনেকাংশে কমানো সম্ভব। হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, সংঘর্ষপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং বিরোধপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে। তিনি সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে সংঘর্ষ ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।