সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্তবর্তী দুর্গম বনাঞ্চলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযান চলাকালে টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি টহল দল সাতছড়ি সীমান্ত এলাকার গভীর বনাঞ্চলে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে বনাঞ্চলের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলো সেখানে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে পুরো এলাকায় তল্লাশি চালিয়ে মাদক জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।