সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের উদ্দেশে অগ্রসর হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গলের চা কন্যা সংলগ্ন এলাকায় সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে একটি ব্যারিকেড স্থাপন করা হয়। এনসিপির নেতাকর্মীদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করলে তারা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান।

এ সময় উভয় পক্ষের মধ্যে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার পর জেলার সার্বিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন তিন প্লাটুন বিজিবি মোতায়েন করেছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা মিরপুর সড়ক হয়ে হবিগঞ্জ শহরের দিকে অগ্রসর হচ্ছেন। পরিস্থিতির ওপর আইনশৃঙ্খলা বাহিনী নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে।