সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

ঘোলডুবা-মাধুবপুর সড়ক যেন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি

সংবাদদাতা / ১০৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা থেকে মাধুবপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কার্পেটিং উঠে গিয়ে ইট-খোয়া বের হয়ে আসা এবং খানাখন্দে ভরে যাওয়ায় এটি এখন এলাকাবাসীর কাছে একপ্রকার ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। ছোট-বড় দুর্ঘটনা যেন এ সড়কের নিত্যদিনের ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রায় ৭-৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের অধিকাংশ অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা? তা বোঝার উপায় থাকে না। এতে সিএনজি অটোরিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন ইনাতগঞ্জ ও আশপাশের দুটি ইউনিয়নের হাজারো মানুষ নবীগঞ্জ উপজেলা সদরে যাতায়াত করেন। এছাড়া নয়মৌজা অঞ্চলের শত শত শিক্ষার্থী নবীগঞ্জ সরকারি কলেজ, বিভিন্ন স্কুল-মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য এই সড়কের ওপর নির্ভরশীল।

বর্তমানে সড়কের বেহাল অবস্থার কারণে অধিকাংশ চালক এ পথে গাড়ি চালাতে অনীহা প্রকাশ করছেন। ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে।

নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ইয়াসিনূর রহমান বলেন, “এই রাস্তা দিয়ে আমরা খুব কম সময়ে কলেজে যেতে পারতাম। অন্য রাস্তার তুলনায় ভাড়াও কম লাগত। কিন্তু এখন রাস্তার এমন অবস্থা যে কোনো গাড়িই এই পথে আসতে চায় না। বাধ্য হয়ে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে। দ্রুত রাস্তা সংস্কার করা হলে আমাদের অনেক উপকার হবে।”

ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম নজরুল বলেন, “২০০৪ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি প্রথম এই সড়কে মাটি কাটার কাজ শুরু করি। পরে সড়কটি পাকাকরণ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় এখন এটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।”

স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব আবুল মিয়া বলেন, “এখন আর সিএনজি বা অটোরিকশায় এই রাস্তা দিয়ে যাই না। গেলে পুরো শরীর ব্যথা করে, পরে ব্যথার ওষুধ খেতে হয়। তাই বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করি। এতে সময়ও বেশি লাগে, ভাড়াও বেশি দিতে হয়।”

অটোরিকশাচালক রফি মিয়া বলেন, “সড়কের বড় বড় গর্তের কারণে যাত্রী অনেক কমে গেছে। আগের মতো আয়-রোজগার হয় না। রাস্তা ভালো হলে আমাদেরও সুবিধা হবে, যাত্রীরাও স্বস্তিতে চলাচল করতে পারবেন।”

এলাকাবাসীর দাবি, ঘোলডুবা-মাধুবপুর সড়কটি নবীগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দ্রুত সড়কটির সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানান, সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের আশা, দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে সড়কটির সংস্কারকাজ শুরু করলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *