সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের পাঠদান চলাকালে অন্যত্র দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে অভিভাবক ও সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত রবিবার (৫ জুলাই) নবীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে ‘ফারিয়া’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।
অভিযোগ রয়েছে, ওই নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া এবং ভুবিরবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়-২-এর সহকারী শিক্ষক আব্দুল মজিদ। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের কার্যদিবস ও পাঠদান চলাকালীন সময়ে তারা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত না থেকে নির্বাচনের দায়িত্ব পালন করেন। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হয়।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি একটি সংগঠনের কয়েকজন সদস্যকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়। এরপর স্থানীয় এক সংবাদকর্মী ও কয়েকজন রাজনৈতিক নেতার পৃষ্ঠপোষকতায় ‘ফারিয়া’ নামে পৃথক একটি সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়। সেই সংগঠনের নির্বাচনই নবীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়, যেখানে উল্লিখিত দুই শিক্ষক দায়িত্ব পালন করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, সরকারি দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা বিদ্যালয়ের পাঠদান চলাকালে কীভাবে অন্য একটি সংগঠনের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করলেন। তাদের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদানের দায়িত্ব কে পালন করেছেন, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, “বড় ধরনের ছুটি উপজেলা শিক্ষা অফিস থেকে অনুমোদন দেওয়া হয়, আর স্বল্পমেয়াদি ছুটি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তারা অনুমোদন করেন।”
পরে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ওই দুই শিক্ষককে তারা কোনো ছুটির অনুমোদন দেননি।
অন্যদিকে, প্রধান শিক্ষক রুবেল মিয়া ও সহকারী শিক্ষক আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তারা ওই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছেন।
তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের পাঠদান কোনোভাবেই ব্যাহত না হয়।