সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে সিলেট বিভাগের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কুশিয়ারা, সুরমা ও গোয়াইন নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ফলে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় উজানের ঢল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত মঙ্গলবার ও গতকাল বুধবার বিকেলে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কর্মস্থল থেকে ফেরা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে হাওরাঞ্চলের নিম্নাঞ্চলগুলোতেও পানি বাড়তে শুরু করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার বিকেল ৩টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার মাত্র ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে সিলেট নগর পয়েন্টেও নদীটির পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচে অবস্থান করছিল। কানাইঘাট এলাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে কুশিয়ারা নদীর জকিগঞ্জের অমলসিদ ও শেওলা পয়েন্টে পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুর ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে নদীটির পানি বিপদসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে রয়েছে। গোয়াইনঘাট পয়েন্টে গোয়াইন নদীর পানিও বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেট অঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, “আগামী তিন থেকে চার দিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কমে গেলে নদ-নদীর পানিও দ্রুত কমতে শুরু করবে। তাই দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা আপাতত কম হলেও সবাইকে সতর্ক থাকতে হবে।”
এদিকে নদীর পানি বৃদ্ধির খবরে হবিগঞ্জসহ সিলেট অঞ্চলের নিম্নাঞ্চল ও হাওর এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছে।