
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জন নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করার আবেদন করা হয়েছে।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন বাদী হয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন। এজাহারে অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদলের নেতারা একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানও অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ জুলাই বিকেলে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিনসহ ৪০-৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়।
হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা লোহার রড, রামদা, ফিকল ও ইটের টুকরো দিয়ে আঘাত করেন। এছাড়া বাদীর মোবাইল ফোন, মোজাক্কির হোসেন, মাহফুজ চৌধুরী, মাহমুদুল হাসান গাজীর মোবাইল ফোন, রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান। আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।
মামলার অন্য নামীয় আসামিরা হলেন, হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি, আব্দুল হাই কামাল, রুহাম গাজী, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরীসহ অন্যরা।
এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে এর আগে এনসিপির পক্ষ থেকেও ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ১০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এনসিপির দাবি, ২৮ জুলাই পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে ছাত্রদলের হামলায় সারজিস আলমসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন এবং তাদের এক কর্মী একটি চোখের দৃষ্টিশক্তি হারান।