
মাদক আজ কেবল কোনো ব্যক্তি বা একটি পরিবারের সমস্যা নয়; এটি একটি পুরো জাতির মেধা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ধ্বংসের নীরব ঘাতক। সাম্প্রতিক সময়ে তরুণ ও যুবসমাজের মাঝে মাদকের বিস্তার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
একটি সমাজ বা দেশকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়ার জন্য মাদকের বিস্তারই যথেষ্ট। এই ভয়াবহ বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের আর নীরব থাকার সুযোগ নেই; এখনই প্রয়োজন সর্বাত্মক সামাজিক সচেতনতা ও প্রতিরোধ। মাদকের থাবা থেকে সন্তানদের মুক্ত রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে তার পরিবার।
সন্তান কার সাথে মিশছে, অবসর কীভাবে কাটাচ্ছে এবং তার আচরণে কোনো অস্বাভাবিক পরিবর্তন আসছে কি না সেদিকে অভিভাবকদের কড়া নজর রাখতে হবে। সন্তানদের সাথে পর্যাপ্ত সময় কাটানো, তাদের কথা শুনো এবং বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তোলাই মাদক প্রতিরোধের প্রথম ধাপ।
তরুণ সমাজই দেশের মূল চালিকাশক্তি। অথচ মাদকের মোহে পড়ে বহু সম্ভাবনাময় জীবন অকালে ঝরে যাচ্ছে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক সেবামূলক কাজ এবং বই পড়ার অভ্যাসের মধ্য দিয়ে তরুণদের মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে।
তরুণদের বুঝতে হবে, মাদক কোনো সাময়িক আনন্দ বা হতাশা মুক্তির উপায় নয়, বরং এটি ধ্বংসের এক নিশ্চিত ফাঁদ। মাদক কারবারি ও চোরাচালানিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর আইনি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। মাদকের উৎস বন্ধ করা, সরবরাহ শৃঙ্খল ভেঙে দেওয়া এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা ছাড়া মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়।
একই সাথে এলাকাভিত্তিক অপরাধ দমনে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ তৎপরতা আরও বাড়াতে হবে। মাদকের বিরুদ্ধে সংবাদমাধ্যম এবং সামাজিক সংগঠনগুলোকে প্রতিনিয়ত আওয়াজ তুলে যেতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে নিয়মিত প্রচারণা চালানো জরুরি।
সমাজ থেকে মাদককে চিরতরে দূর করতে প্রতিটি পাড়া-মহল্লায় মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়া কোনো একক ব্যক্তি বা সংস্থার পক্ষে সম্ভব নয়।
আসুন, দেশের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় আমরা সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হই মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন।
লেখক:
মোঃ তাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: দৈনিক বিবিয়ানা