
নবীগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নবীগঞ্জ থানার কনস্টেবল মো. জোবাইদুল্লাহ মুন্সী গুরুতর আহত হন। তার একটি চোখের দৃষ্টি হারানোর আশঙ্কা দেখা দেওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানা যায়, গত বুধবার বিকেলে সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছকে নিয়ে করা বক্তব্যের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের গাজীরটেক এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে রাত সাড়ে ৮টার দিকে নতুন বাজার এলাকায় যুবদল ও বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দাওয়াত দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা নিরাপত্তার স্বার্থে দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন পৌর বিএনপির নেতা ও নবীগঞ্জ জাসাসের সাবেক আহ্বায়ক রাশেদ মিয়া এবং অপর পক্ষের নেতৃত্ব দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। সংঘর্ষে উভয় পক্ষের নেতাকর্মী, পথচারী ও পুলিশ সদস্যসহ প্রায় ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলার মুখে ৫ জন পুলিশ সদস্য আহত হন।
তাদের মধ্যে কনস্টেবল মো. জোবাইদুল্লাহ মুন্সী গুরুতর আহত হন। প্রথমে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি চোখের দৃষ্টি হারানোর আশঙ্কা রয়েছে। এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, ঘটনার সময় আমি ও আমাদের অধিকাংশ পুলিশ সদস্য পুলিশ সুপারের নির্দেশে বাহুবলে দায়িত্ব পালন করছিলাম।
সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আমাদের ৫ জন সদস্য আহত হন। তাদের মধ্যে ৪ জন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত একজনকে প্রথমে সিলেট, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী পুলিশ অ্যাসল্ট মামলার প্রস্তুতি চলছে।