
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে একাধিক স্থানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর কানাইঘাট উপজেলার নির্ধারিত পদযাত্রা কর্মসূচিতে আর যাননি দলটির কেন্দ্রীয় নেতারা। পরিবর্তে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা সরাসরি সিলেট সার্কিট হাউজে চলে যান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তারা সিলেট সার্কিট হাউজে পৌঁছান। তবে পরবর্তীতে তারা কানাইঘাটের কর্মসূচিতে যোগ দেবেন কি না, সে বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে কানাইঘাটে বিকেল ৩টা থেকেই নির্ধারিত পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। উপজেলা এনসিপির দায়িত্বশীল নেতা বোরহান উদ্দিন ইউসুফ জানান, গোলাপগঞ্জে হামলার খবর তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়নি এবং কেন্দ্রীয় নেতারা আসবেন বলেই তারা আশা করছেন।
এর আগে গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর প্রবেশ করলে স্থানীয় কিছু মানুষ ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একইভাবে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে নেতারা বের হওয়ার সময়ও একই ধরনের স্লোগান দেওয়া হয়।
পরে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে উপজেলা গেটসংলগ্ন নূর ম্যানশনের সামনে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর হেতিমগঞ্জের পাঁচ মাইল এলাকায় পৌঁছালেও আবারও গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।
এসব ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
হামলার জন্য এনসিপি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের দায়ী করেছে। তবে ঘটনাস্থলে ইটপাটকেল নিক্ষেপকারীদের কাউকে কোনো রাজনৈতিক দলের স্লোগান দিতে শোনা যায়নি। ফলে হামলায় কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।