
হবিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রশাসন জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করার আহ্বান জানিয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে দলটি। একই সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পৃথক কর্মসূচি থাকায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সফররাজ বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।
হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবি মোতায়েনের পর হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, কোর্ট স্টেশন, পুরাতন হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।