
নবীগঞ্জের আউশকান্দিতে বাড়ির পুকুরপাড়ের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. আল-আমিন মিয়া (৩৫)। তিনি উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত মহত উল্ল্যার বড় ছেলে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও এর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে বাড়ির পুকুরপাড়ে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আল-আমিনকে দেখতে পান স্বজন ও প্রতিবেশীরা। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, আল-আমিন দীর্ঘদিন ধরে পারিবারিক অভাব-অনটনের কারণে মানসিক চাপে ছিলেন। তবে আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।