
একসময় অসংখ্য পুকুর, দিঘি, খাল ও জলাশয়ের জন্য পরিচিত ছিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় অবাধে পুকুর-জলাশয় ভরাট, দখল এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। পরিবেশ সচেতন মহলের দাবি, এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা, পানিসংকট এবং পরিবেশ বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগে পুকুর ও জলাশয় ভরাট করে বসতবাড়ি, মার্কেট ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে বৃষ্টির পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই অনেক এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তরের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
সচেতন নাগরিকরা জানান, একসময় গ্রামের অধিকাংশ পাড়ায় একাধিক পুকুর থাকলেও এখন অনেক পুকুর ভরাট হয়ে গেছে অথবা দখলের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি স্থানীয় জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, “পুকুর, দিঘি ও অন্যান্য জলাশয় শুধু মাছ উৎপাদনের উৎস নয়, এগুলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবাধে জলাশয় ভরাটের প্রবণতা অব্যাহত থাকলে মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি জলাশয় সংরক্ষণে প্রশাসন ও জনসচেতনতা—উভয়ই জরুরি।”
স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিদের মতে, জলাশয় সংরক্ষণে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন, অবৈধ ভরাট বন্ধ, দখলমুক্তকরণ এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও জলাশয় সংরক্ষণে সামাজিক উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
তাদের মতে, প্রাকৃতিক জলাশয় রক্ষা করা গেলে শুধু পরিবেশের ভারসাম্যই নয়, জলাবদ্ধতা হ্রাস, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বানিয়াচং গড়ে তুলতে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।