
চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে আইন ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদী ভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ওই এলাকার ভূমিহীন ও অসহায় পরিবারগুলো। পাশাপাশি হুমকির মুখে রয়েছে আশপাশের কৃষিজমি, নদীতীর ও স্থানীয় পরিবেশ। এদিকে বালু খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাঠে সরব প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, খোয়াই নদীর বনগাঁও আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় গত প্রায় দুই মাস ধরে ড্রেজার দিয়ে দিন-রাত অবাধে বালু উত্তোলন চলছে। অভিযোগ রয়েছে, স্থানীয় এক ইজারাদার প্রতিষ্ঠানের সম্মতিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নদীর তলদেশ থেকে নির্বিচারে বালু উত্তোলনের ফলে নদীতীর দুর্বল হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে বড় ধরনের নদীভাঙনের আশঙ্কায় দিন কাটছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রম চললেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, বালুমহালের সীমানা নির্ধারণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপনের কথা থাকলেও ঘটনাস্থলে এমন কোনো সাইনবোর্ড দেখা যায়নি।
আইন অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প, সেতু, কালভার্ট, বাঁধ, সড়কসহ গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা এবং আবাসিক এলাকার কমপক্ষে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সেই বিধান উপেক্ষা করেই আশ্রয়ণ প্রকল্পের গা ঘেঁষে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার এর সাথে গতকাল বুধবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকটি ড্রেজার মেশিন সড়ানো হয়েছে। অতি বৃষ্টির কারণে সবগুলো সবগুলো মেশিন সড়ানো সম্ভব হয়নি। আগামীকালের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।