
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু হানিফা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আবু হানিফা মোটরসাইকেল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু হানিফা নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের রাধাপুর জামারগাঁও গ্রামের খালিক মিয়ার ছেলে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক গাড়িটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘাতক যানবাহন শনাক্তে কাজ চলছে।