
মাধবপুর উপজেলার হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গোয়াসনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. কুদ্দুস মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রতিটি ১০০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদক জব্দ করে মাধবপুর উপজেলার গোয়াসনগর এলাকার রজব আলীর ছেলে মো. কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কুদ্দুস মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাধবপুর থানাসহ বিভিন্ন থানায় ১৮টিরও বেশি মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।